ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি:
অভিবাসন বিষয়ক সাংবাদিকতার মানোন্নয়ন, নিরাপদ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২১ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
আজ রবিবার সকাল সাড়ে দশটায় শহরের আলিপুরে অবস্থিত এসডিসি ভবনে
রোববার (১৫ নভেম্বর ২০২৬) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম-জাতিসংঘ অভিবাসন), রাইটস যশোর ও সিনেমাআরেনার যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে অভিবাসন বিষয়ক সংবাদ সংগ্রহ, পরিবেশন ও অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশেষ করে অভিবাসীদের অধিকার, নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ, দালালের প্রতারণা, মানবপাচার, অভিবাসন ব্যয় এবং বিদেশগামী কর্মীদের নানা সমস্যা ও ঝুঁকির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। প্রশিক্ষণে সংশ্লিষ্ট আলোচনায় বক্তারা বলেন, অভিবাসন বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ খাত। প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমান। কিন্তু সঠিক তথ্যের অভাব, অবৈধ পথে বিদেশ গমন, দালালের প্রতারণা এবং প্রয়োজনীয় সচেতনতার ঘাটতির কারণে অনেক অভিবাসী নানা সমস্যার সম্মুখীন হন। এসব বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।এ সময় অভিবাসন বিষয়ক বিভিন্ন তথ্য, অভিজ্ঞতা ও দিকনির্দেশনা প্রদান করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসমা খাতুন, সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট অমল বিশ্বাস, সিনিয়র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহমুদ এবং দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার ইউসুফ আরেফিন।
বক্তারা অভিবাসন বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ, অভিবাসীদের ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তা রক্ষা এবং মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অভিবাসনসংক্রান্ত সংবেদনশীল ঘটনা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পেশাগত নীতিমালা অনুসরণের আহ্বান জানান।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা অভিবাসন খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা লাভ করেন। একই সঙ্গে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে গণমাধ্যম কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়েও আলোচনা হয়।আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে ফরিদপুরের সাংবাদিকরা অভিবাসন বিষয়ক সংবাদ আরও বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীলভাবে উপস্থাপন করতে পারবেন। পাশাপাশি নিরাপদ অভিবাসন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply