তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আলী আহমদ
আবু জাহান তালুকদার, তাহিরপুর:
দীর্ঘ প্রায় দেড় যুগ পর আগামী ১২ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের বহু প্রতীক্ষিত নির্বাচন। দীর্ঘ সময় পর এই নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ভোটার ও ব্যবসায়ীদের মধ্যে বইছে নির্বাচনী আমেজ।
আসন্ন এই নির্বাচনে হেভিওয়েট ও জনপ্রিয় প্রার্থী হিসেবে সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেসার্স তিশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আলী আহমদ।
ব্যবসায়ী মহলে পরিচ্ছন্ন ব্যক্তিত্ব ও সৎ ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. আলী আহমদ প্রার্থী হওয়ার পর থেকেই সাধারণ ব্যবসায়ীদের মাঝে উদ্দীপনা আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। প্রবীণ থেকে শুরু করে নবীন ব্যবসায়ীদের একটি বড় অংশ তাকে সমর্থন জানাচ্ছেন।
নির্বাচন নিয়ে নিজের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে মো. আলী আহমদ বলেন, “দীর্ঘ দেড় যুগ পর তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে—এটি আমাদের ব্যবসায়ী সমাজের জন্য একটি আনন্দের মুহূর্ত। ব্যবসায়ীদের দীর্ঘদিনের বঞ্চনা, সমস্যা সমাধান এবং ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত ও নিরাপদ করতে আমি কাজ করতে চাই। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে আমি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের উন্নয়নে সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব।”
তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের সুখে-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও তাদের আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। আমি সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করছি।”
এদিকে দীর্ঘ দিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় উচ্ছ্বসিত সাধারণ ব্যবসায়ীরাও। তারা আশা করছেন, আলী আহমদের মতো সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে কয়লা ও পাথর ব্যবসার বিদ্যমান নানা সমস্যা দূর হবে এবং গ্রুপের আর্থিক শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে। আগামী ১২ ডিসেম্বরের ভোট উৎসবে ভোটাররা তাঁদের যোগ্য প্রতিনিধি বেছে নিতে উদগ্রীব হয়ে আছেন। ##
Leave a Reply