ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন
ফরিদপুর জেলা প্রতিনিধি:
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারে ফরিদপুরে ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ শনিবার
(২১ নভেম্বর) বেলা ১১টার দিকে আনসার সদস্যরা শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে একত্রিত হন। পরে কয়েকটি দলে বিভক্ত হয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনের জন্য রওনা দেন।
ফরিদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ জানান, বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সিবাজার, তালমা, সদরপুর ও চরভদ্রাসন পয়েন্ট। এ ছাড়া শহরের বাসস্ট্যান্ড, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় তাঁরা দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার সদস্যরা সতর্ক অবস্থানে থেকে টহল কার্যক্রম পরিচালনা করছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন।
Leave a Reply