ফরিদপুরে হামের সন্দেহে হাসপাতালে ভর্তি ৯৮ জন, নতুন ভর্তি ১৪
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৯২ জনে। বর্তমানে জেলার দুটি হাসপাতালে ৯৮ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ২৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফরিদপুর জেনারেল হাসপাতালে বর্তমানে ১৮ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হননি এবং কাউকে ছাড়পত্রও দেওয়া হয়নি। হাসপাতালটিতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৯৮৬ জন সন্দেহজনক হামের রোগীর তথ্য নথিভুক্ত হয়েছে।
অন্যদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৪ জন এবং আগের ভর্তি রোগী রয়েছেন ৬৬ জন। একই সময়ে হাসপাতালটি থেকে ২৮ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত এ হাসপাতালে মোট ৪ হাজার ৪৭৪ জন সন্দেহজনক হামের রোগীর তথ্য নথিভুক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলা পর্যায়ে বোয়ালমারীতে ২৮, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন সন্দেহজনক হামের রোগীর তথ্য রয়েছে।
প্রতিবেদনে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামের রোগীদের মধ্যে ২১ জনের মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৪ জনের মধ্যে ১০ জন ফরিদপুর জেলার এবং চারজন অন্যান্য জেলার বাসিন্দা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply