ফরিদপুরে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিয়ে সভা
ফরিদপুর জেলা প্রতিনিধি:
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও সৌরবিদ্যুৎ সম্প্রসারণের লক্ষ্যে ফরিদপুরে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার
(২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন ও ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান, ওজোপাডিকো-১ ফরিদপুরের উপবিভাগীয় প্রকৌশলী ফুয়াদ হাসান, ওজোপাডিকো-২-এর সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার শামীম রেজা, ফোরম্যান খন্দকার আব্দুল আউয়ালসহ জেলার সোলার প্যানেল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্তির যোগ্যতা, শর্তাবলি ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র, কারিগরি সক্ষমতা ও অভিজ্ঞতা যাচাইয়ের বিষয়েও সংশ্লিষ্টদের অবহিত করা হয়।
এ ছাড়া সৌরবিদ্যুৎ স্থাপনে ব্যবহৃত সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও অন্যান্য সরঞ্জামের গুণগত মান নিশ্চিত করা, স্থাপিত সোলার সিস্টেমের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং গ্রাহকদের কারিগরি সহায়তা ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সোলার সার্ভিস প্রোভাইডারদের কার্যক্রম পরিবীক্ষণ ও মূল্যায়ন এবং অনিয়মের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।
Leave a Reply