ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ এবিএম ইছাহাক হোসেন আর নেই
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ এবিএম ইছাহাক হোসেন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন, বহু সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী শিক্ষার্থী রেখে গেছেন।
মরহুম এবিএম ইছাহাক হোসেনের পৈতৃক বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামে। দীর্ঘ কর্মজীবনে তিনি ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে শিক্ষকতা করেন এবং পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা ও স্নেহশীল আচরণের জন্য তিনি স্থানীয়ভাবে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
তাঁর এই প্রয়াণে আশাপুর গ্রামসহ সমগ্র মধুখালী উপজেলার শিক্ষা অঙ্গন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সাবেক সহকর্মী, শিক্ষার্থী, আত্মীয়স্বজন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় আশাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
Leave a Reply