আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আচ্চু- সাধারণ সম্পাদক তামিম
নিজস্ব প্রতিনিধি
ভোটের ব্যবধান ছিল মাত্র এক। সভাপতি পদে ৯ ভোট পেয়ে সৈয়দ আমিনুর রহমান আচ্চু নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সেকেন্দার শেখ পেয়েছেন ৮ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন তামিম আহমেদ মিলন। বৃহস্পতিবার ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এ ফলাফল পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে ২১ জন ভোটারের মধ্যে ১৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটাভুটি হয়। বাকি পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভোট গণনা শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ১৮টি ভোটের মধ্যে ১৭টি বৈধ হয়। এর মধ্যে ৯ ভোট পেয়ে বিজয়ী হন সৈয়দ আমিনুর রহমান আচ্চু। তার প্রতিদ্বন্দ্বী মো. সেকেন্দার শেখ পান ৮ ভোট।
সহসভাপতি পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাজমিনউর রহমান তুহিন। তার প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান দুলাল পেয়েছেন ৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তামিম আহমেদ মিলন। তার প্রতিদ্বন্দ্বী গোলাম আজম মনির পেয়েছেন ৫ ভোট। তিনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন তামিম।
নির্বাচন শেষে প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি এনায়েত হোসেন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, সুষ্ঠু ভোটের আয়োজনের মধ্য দিয়ে প্রকৃত গণতন্ত্রের বিজয় হয়েছে।
নবনির্বাচিত কমিটির নেতারা আলফাডাঙ্গা প্রেসক্লাবের উন্নয়ন ও পেশাদার সাংবাদিকতা রক্ষায় স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান বলেন, অত্যন্ত সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটার ও প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন সফল হয়েছে।
Leave a Reply