সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা
প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে সদরপুর স্টেডিয়াম মাঠে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি জানান, যুবসমাজকে ধ্বংসকারী মাদক ও জুয়ার বিরুদ্ধে ফরিদপুর জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। একই সঙ্গে ইভটিজিং ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একটি মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। মানসিক সংকটে আত্মহত্যার পথ পরিহার করে পরিবার ও সমাজের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি। অপরাধ দমনে জনগণকে নির্ভয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বানও জানান পুলিশ সুপার।
এ সময় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Leave a Reply